বুধবার, 28 অক্টোবর 2026 · 05:34
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

কুমিল্লায় স্কুল ছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডে প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম তুহিনের মায়ের বক্তব্য!

21 Sep 2026 • সারাদেশ

কুমিল্লায় স্কুল ছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডে প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম তুহিনের মায়ের বক্তব্য!

কুমিল্লা প্রতিনিধি|জনতার দেশঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যাকাণ্ডে প্রধান আসামি সাইফুল ইসলাম তুহিনের মায়ের দাবি, ঘটনার দিন তার ছেলে স্বাভাবিকভাবেই বাসা থেকে বের হয়েছিল এবং রাতে বাসায় ফিরে আসে। পরে রাতে ডিবি পুলিশের সদস্যরা তাদের বাসায় তল্লাশি চালিয়ে তুহিনের ঘর থেকে একটি আইফোন উদ্ধার করেন। তবে ওই ফোন সম্পর্কে তিনি আগে থেকে কিছুই জানতেন না বলে দাবি করেছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) তুহিনের মা এসব কথা বলেন।

তিনি জানান, জুমার নামাজের পর তুহিন বাসায় এসে খাবার খেয়ে বাইরে বের হয়। মাগরিবের আগে আবার বাসায় আসে। পরে মাগরিবের পর বিশ্ববিদ্যালয়ের দিকে ঘুরতে যায় এবং রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফিরে আসে।

তুহিনের মা বলেন, বাইরে থাকা অবস্থায় তার ছেলে ফোন করে তাকে বলেছিল, ‘আম্মু, টেনশন করো না, আমি কাজ সেরে দ্রুতই বাসায় আসছি।’ রাতে বাসায় ফেরার পর স্বাভাবিকভাবেই গেটে তালা দিয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন।

তিনি বলেন, রাতের দিকে সিভিল পোশাকে ডিবির কয়েকজন সদস্য তাদের বাসায় আসেন। তারা তুহিনের ঘরে তল্লাশি চালান। এ সময় একটি কালো শপিং ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় একটি আইফোন উদ্ধার করা হয়।

তুহিনের মা দাবি করেন, ‘আমি এই বিষয়ে আগে থেকে কিছুই জানতাম না এবং ফোনটি স্পর্শও করিনি। পুলিশ যখন ব্যাগটি দেখতে চায়, তখন আমি শুধু পুলিশকে সহযোগিতা করি।’

তার ভাষ্য, আইফোনটি উদ্ধারের পর পুলিশের উপস্থিতিতে তুহিন জানায়, ফোনটি সে তার ভাইয়ের কাছে রেখেছিল। পরে পুলিশ ফোনটির মেসেজ, কল হিস্ট্রি ও কন্টাক্ট লিস্ট পরীক্ষা করে গত কয়েক দিনে ওই ফোন দিয়ে কার কার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তা যাচাই করে।

তুহিনের মা আরও জানান, তার ছেলের বয়স ১৯ বছর। স্কুলে পড়ার সময় একবার অনাকাঙ্ক্ষিত একটি ঝগড়ার পর সে পড়াশোনা ও পরীক্ষা দেওয়া বন্ধ করে দেয়। এরপর থেকে বাবার ব্যবসায় সহযোগিতা করত।

আইফোন উদ্ধারের স্থান ও ঘটনার সঙ্গে আরও ব্যক্তি বা বিষয় জড়িত থাকতে পারে বলেও দাবি করেন তুহিনের মা। তিনি বলেন, ‘আইফোনটি যেখান থেকে উদ্ধার হয়েছে, সেখানে আরও একাধিক বিষয় বা ব্যক্তি জড়িত থাকতে পারে।’

অপ্রতীমের পরিবারের মতো তারাও সন্তানকে ঘিরে কষ্টের মধ্যে রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘অন্য একটি পরিবার যেমন তাদের সন্তান হারিয়ে কষ্টে দিন কাটাচ্ছে, আমাদের পরিবারও একইভাবে কষ্টে বুক ভাসাচ্ছে। আমি তো কোনো সত্য আড়াল করছি না বা পালিয়ে যাচ্ছি না।’

ছেলের বিষয়ে কোনো তথ্য গোপন না করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তুহিনের মা বলেন, ‘সন্তানের ভুল বা নির্দোষিতা সবকিছুই নিরপেক্ষ তদন্তে বেরিয়ে আসুক।’

তিনি প্রশাসন ও দেশবাসীর কাছে আবেদন জানিয়ে বলেন, কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং সঠিক বিচার নিশ্চিত করা হোক।

উল্লেখ্য, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয় অপ্রতীম। এরপর সে আর বাসায় ফেরেনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সাইফুল ইসলাম তুহিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানিয়েছেন, গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত। অপর একজনের সম্পৃক্ততার বিষয়টি অধিকতর যাচাই-বাছাই করা হচ্ছে।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!