নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান: অস্ত্র-মাদক ও চোরাই পণ্যসহ গ্রেপ্তার ২৩৭
26 Aug 2026 • সারাদেশ

*ক্রাইম ডেস্ক*
নরসিংদী থেকে এমিল রানা (তারেক):
নরসিংদীতে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় একটি আমেরিকান তৈরি পিস্তল, এলজি, ১৩ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ বিশেষ অভিযানের বিস্তারিত তথ্য মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় জেলা পুলিশ। পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
অস্ত্র ও মাদক উদ্ধার
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সপ্তাহব্যাপী অভিযানে একটি আমেরিকান তৈরি পিস্তল, একটি এলজি ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সময়ে ৮ হাজার ৬৩৩ পিস ইয়াবা, ২৫০ কেজি গাঁজা ও ৪৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধারের পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযানও জোরদার করা হয়। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি, প্রসাধনীসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ।
জেলা পুলিশের এ অভিযানে র্যাব, এপিবিএন ও আরআরএফ সদস্যরা সহযোগিতা করেন।
২৪ ঘণ্টায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন
বিশেষ অভিযানের মধ্যে মনোহরদী উপজেলার কীর্তিবাসদী গ্রামে একটি হত্যাকাণ্ডের রহস্যও দ্রুত উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। বাড়িতে ঢুকে এক যুবককে হত্যার ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা আতাউর রহমান মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুড়াল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
এ ছাড়া শিবপুর উপজেলার দক্ষিণ কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়।
১,৮৬৬ যানবাহনে তল্লাশি, ৩০১ মামলা
অপরাধ দমনের পাশাপাশি সড়কে আইনশৃঙ্খলা ও যানবাহনের কাগজপত্র যাচাইয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অভিযানের সময় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে ১ হাজার ৮৬৬টি যানবাহনে তল্লাশি চালানো হয়।
লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩০১টি মামলা করা হয়েছে। এ সময় ৩৫টি মোটরসাইকেল আটক এবং বিভিন্ন ঘটনায় মোট ৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা পুলিশ আরও জানায়, সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে আদালতের ৩০৫টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে। পাশাপাশি ৮৮টি নতুন মামলা দায়ের করা হয়েছে।
অপরাধমুক্ত নরসিংদীর ঘোষণা পুলিশের
পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, মাদক, অবৈধ অস্ত্র, চোরাচালান ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। নরসিংদীকে অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশ সব সময় জনগণের পাশে থাকবে।
তিনি বলেন, “নরসিংদীকে মাদকমুক্ত করতে আমরা কাজ করে যাব।”
জেলা পুলিশের দাবি, নিয়মিত অভিযান, চেকপোস্ট ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মাদক, অস্ত্র, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
