মাদক সেবনকালে পুলিশ কনস্টেবলসহ ৪ জন আটক।
18 Aug 2026 • অপরাধ।

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে মাদক সেবনকালে সামছুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলসহ ৪ জনকে হাতেনাতে আটক করেছেন স্থানীয় জনতা। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলা সদরের মাটিয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেলাব থানার ওসি এস এম আমান উল্লাহ।
আটকরা হলেন- বেলাব থানার পুলিশ কনস্টেবল সামছুল ইসলাম, বেলাব মাটিয়াল পাড়ার মৃত আলী আকবরের ছেলে উজ্জল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের আতস আলীর ছেলে রকি (২৮) ও মৃত মজনু মিয়ার ছেলে বাদল (৩৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়িতে মাদক কারবারিদের সঙ্গে পুলিশ কনস্টেবল সামছুল ইসলাম সহ বেশ কয়েকজন মাদক সেবনে লিপ্ত হন। ঘটনাটি টের পেয়ে স্থানীয় জনতা বাগানবাড়িটি ঘেরাও করে তাদের হাতেনাতে আটক করেন। আটক সামছুল ইসলাম বেলাব থানায় কনস্টেবল পদে কর্মরত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলাব থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অপকর্ম বা মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনও ছাড় দেওয়া হবে না।
