মাদারীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত!
08 Sep 2026 • সারাদেশ

সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাকে দেশে ফিরিয়ে দেওয়া হলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। এছাড়া দেশের বাইরে অবস্থানরত বিভিন্ন মামলায় অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রেও আইন ও বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
‘মক্কা প্যাক্ট’ প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রতিরক্ষামূলক এই সাময়িক জোটে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভবিষ্যতে কোনো নতুন ফোরাম বা জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে দেশের নিজস্ব পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। জনগণের স্বার্থ ও বাংলাদেশের সম্ভাব্য সুফল বিবেচনা করেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভায় বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং পরিস্থিতির আরও উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
