সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুর জেলার মাদারীপুর সদর মডেল থানা এলাকায় গোয়েন্দা পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদারীপুর সদর সার্কেলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ও পুলিশের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে মাদারীপুর সদর মডেল থানার রাজারচর গ্রামের আরিফ চৌকিদারের মাছের ঘেরের পূর্ব পাশের পাড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন শামীম চৌকিদার (৩০), পিতা লুৎফর চৌকিদার, গ্রাম রাজারচর এবং মো: রাব্বি জমাদ্দার (২৪), পিতা দেলোয়ার হোসেন জমাদ্দার, গ্রাম খোয়াজপুর টেকেরহাট। তাঁদের উভয়ের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। আটকের সময় তাঁদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
