মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:25
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
ট্রাভেল এণ্ড ট্যুরিজম

পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল!

পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল!
ট্যুরিজম ডেস্কঃ

নীল সাগর ও সবুজ পাহাড়ের সমন্বয় দেখতে সাগরপাড়ে আগত পর্যটকদের বিনোদন দিতে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ণাঢ্য ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসব চলবে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত। পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের অবস্থানকাল বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হচ্ছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে কক্সবাজারের হোটেল শৈবালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত প্রেস মিট অনুষ্ঠানে এসব তথ্য জানান আয়োজকরা।

এতে প্রধান অতিথি হয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম জানান, বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত হিসেবে পরিচিত কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে এ কার্নিভালের আয়োজন করা হয়েছে। পর্যটকদের জন্য বিনোদন, সংস্কৃতি, খেলাধুলা, অ্যাডভেঞ্চার ও জ্ঞানচর্চার সমন্বয়ে সাজানো হচ্ছে উৎসব প্রাঙ্গণ। এতে দেশি-বিদেশি পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণেরও সুযোগ থাকবে।

বাংলাদেশ পর্যটন করপোরেশন আদেশ, ১৯৭২ এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী কার্নিভাল বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডকে।

প্রেস মিটে জানানো হয়, পর্যটকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে কার্নিভাল প্রাঙ্গণে থাকছে ১৫টি বিশেষ জোন। এর মধ্যে ওয়েলনেস জোনে শারীরিক ও মানসিক প্রশান্তির ব্যবস্থা, এক্সপেরিয়েন্স জোনে রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং ক্যাম্পিং জোনে সমুদ্রের সান্নিধ্যে রাতযাপনের সুযোগ থাকবে।

এ ছাড়া ওপেন থিয়েটার জোনে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, ওপেন লাইব্রেরি অ্যান্ড টেলিস্কোপ জোনে বই পড়া ও রাতের আকাশ পর্যবেক্ষণ, মার্কেট জোনে স্থানীয় ও ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শন ও বিক্রি এবং এক্সিবিশন জোনে পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হবে।

শিশু-কিশোরদের বিনোদনের জন্য থাকছে কিডস জোন ও গেমিং জোন। ফুড জোনে কক্সবাজারের ঐতিহ্যবাহী সামুদ্রিক খাবারের পাশাপাশি দেশি-বিদেশি নানা পদের খাবার পাওয়া যাবে। অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য গো-কার্ট ও স্পোর্টস জোনে থাকবে গো-কার্টিং, বিচ স্পোর্টসসহ বিভিন্ন খেলাধুলার সুযোগ।

পাশাপাশি এম্পিথিয়েটার জোনে দেশীয় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা, বালু ভাস্কর্য জোনে দেশি-বিদেশি শিল্পীদের তৈরি বালু ভাস্কর্য এবং আর্ট জোনে দেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। সমুদ্রসৈকতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সি-ভিউ বারবিকিউ জোন।

শুধু সৈকতকেন্দ্রিক আয়োজনই নয়, হোটেল শৈবালের অভ্যন্তরে অবস্থিত পুকুরের চারপাশেও দৃষ্টিনন্দন সাজসজ্জা ও নানা বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা রাখা হচ্ছে।

আয়োজকরা আশা করেন, আগামী ২২ নভেম্বর থেকে পূর্ণাঙ্গভাবে কার্নিভালের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

বক্তারা বলেন, কক্সবাজারে পর্যটকদের আগমন বাড়লেও অনেকেই স্বল্প সময় অবস্থান করে ফিরে যান। পর্যটকদের জন্য বৈচিত্র্যময় বিনোদনের সুযোগ সৃষ্টি করা গেলে তাদের অবস্থানকাল বাড়বে। এতে হোটেল-মোটেল, রেস্তোরাঁ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা ও স্থানীয় উদ্যোক্তারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

তারা আরও বলেন, এ ধরনের বৃহৎ আয়োজন কক্সবাজারের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রেস মিটে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবীর, কক্সবাজার পর্যটন কার্নিভালের নিরাপত্তা উপদেষ্টা ক্যাপ্টেন মোহাম্মদ আশিকুর রহমান এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান গাজী গোলাম সরওয়ারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

এ সময় বক্তব্য দেন পর্যটন কার্নিভালের মিডিয়া সমন্বয়ক ও সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী এবং কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।

কার্নিভাল সফল করতে স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী এবং কক্সবাজারের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন আয়োজকরা।

আয়োজকদের প্রত্যাশা, দীর্ঘ সময়ব্যাপী এ পর্যটন কার্নিভাল কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে এবং আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে কক্সবাজারের পরিচিতি আরও বিস্তৃত করবে।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: ট্রাভেল এণ্ড ট্যুরিজম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ