বুধবার, 28 অক্টোবর 2026 · 05:12
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা জোরদারে প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠক।

05 Jul 2026 • বিশ্ব সংবাদ

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা জোরদারে প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠক।

আন্তর্জাতিক ডেস্ক |জনতার দেশ :
দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যবসা-বাণিজ্যের সুরক্ষা এবং স্থানীয় প্রশাসনের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে দেশটির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে এক জরুরি ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানী প্রিটোরিয়ায় আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ মুসলিম সোসাইটি ও কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
​বৈঠকে খাঁউটেং (Gauteng) প্রভিন্সিয়াল পুলিশ কমিশনার, হক্স (Hawks)-এর প্রধান, ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান, জোহানেসবার্গ ব্রাঞ্চের পুলিশ কমিশনার এবং দক্ষিণ আফ্রিকার ডেপুটি মিনিস্টার ইব্রাহিম গানিফ হ্যান্ড্রিক্স উপস্থিত ছিলেন। কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম সোসাইটি অব সাউথ আফ্রিকার সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন মিয়া, বিশিষ্ট রাজনীতিবিদ মো. মমিনুল হক, মোহাম্মদ রেজাউল করিম ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
​খুবই আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের দৈনন্দিন জীবন ও ব্যবসায়িক নিরাপত্তাজনিত বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন নেতারা। আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে ছিল—সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় বাংলাদেশিদের ওপর সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের তৎপরতা বৃদ্ধি, ব্যবসায়িক সুরক্ষা নিশ্চিত করা এবং চাঁদাবাজি ও ডাকাতির মতো ভয়াবহ অপরাধ রোধ করা। এছাড়া, যেকোনো জরুরি মুহূর্তে দ্রুত আইনি সহায়তা পাওয়ার লক্ষ্যে পুলিশ প্রশাসন ও বাংলাদেশি কমিউনিটির মধ্যে একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা বা ‘হটলাইন/কো-অর্ডিনেশন ডেস্ক’ চালু করার প্রস্তাব দেওয়া হয়।
​বৈঠকে জোহানেসবার্গ ও খাঁউটেংয়ের পুলিশ কমিশনাররা দক্ষিণ আফ্রিকার অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন। তারা দৃঢ়তার সাথে আশ্বস্ত করেন যে, দক্ষিণ আফ্রিকার আইন অনুযায়ী বৈধভাবে বসবাসকারী প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। প্রবাসীদের সুরক্ষায় খাঁউটেং প্রদেশসহ জোহানেসবার্গের বিভিন্ন জোনে পুলিশের বিশেষ নজরদারি ও টহল জোরদার করার প্রতিশ্রুতি দেন তারা।
​কমিউনিটি নেতারাও প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইনকানুন কঠোরভাবে মেনে চলার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
​বৈঠক শেষে বাংলাদেশ মুসলিম সোসাইটির পক্ষ থেকে প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিটি পাঠ করেন মোহাম্মদ রেজাউল করিম ফারুক। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের সাথে এই উচ্চপর্যায়ের সমন্বয় ও আলোচনার ফলে খাঁউটেং প্রদেশসহ জোহানেসবার্গে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা সংকট অনেকটাই লাঘব হবে এবং স্থানীয় প্রশাসনের সাথে সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।

আরও পড়ুন

প্যারিসের উপকণ্ঠে ভয়াবহ দাবানল: জনজীবন বিপর্যস্ত, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা।

মৃত্যুর সময় একটি কানাকড়ি কিংবা এক টাকার সম্পদ ও রেখে যাননি বিশ্ব বিখ্যাত পরমাণু বিজ্ঞানী শক্তিধর ভারতের প্রেসিডেন্ট এপিজে আবদুল কালাম।

১২ স্ত্রী ১০২ সন্তান ৫৭৮ নাতি-পুতি নিয়ে বিশাল সংসার গড়ে তুলেছেন উগান্ডার মুসা কাসাহিয়া কাসেরা।