রংপুরে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার!
23 Aug 2026 • ক্রাইম ডায়েরি

ক্রাইম ডেস্ক | জনতার দেশঃ
রংপুর নগরীর মাছোয়া পাড়ায় রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও দুই সন্তানসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার ২৩ আগস্ট রাত সাড়ে এগারোটায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (৭০) তার স্ত্রী বুলা চক্রবর্তী( ৬০) ছেলে পিওম চক্রবর্তী (১০) মেয়ে আগামী চক্রবর্তী ২৫।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর মহানগর পুলিশের ডিবি ইউনিট এবং কোতোয়ালী থানা পুলিশ।
জানা গেছে, কয়েকদিন ধরে ওই বাড়ি তালাবদ্ধ ছিল। বাসা থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তারপর শনিবার রাত সাড়ে ১১ টায় পুলিশ ও ফায়ার সার্ভিস তালা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে।
পুলিশ সূত্রে জানা যায়, বেডরুমের খাটের নিচ থেকে পিওম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। ছাদের সিঁড়িতে পাওয়া যায় বুলা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহ। তাদের এক প্রান্তে ছিল গণপতি চক্রবর্তী মরদেহ। বাড়ির ভেতর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের চিহ্ন পাওয়া গেছে তবে ঘটনাটি কবে ঘটেছে তা এখনো নিশ্চিত নয়।
গণপতি চক্রবর্তী রংপুর জেলা স্কুলের ধর্ম শিক্ষক ছিলেন। অবসর গ্রহণের পর তিনি রংপুরের সমবায় মার্কেটে হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে ডাক্তারি পেশায় নিয়োজিত ছিলেন। ছেলে পিওম চক্রবর্তী রংপুর জেলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং মেয়ে আগামী চক্রবর্তী সম্প্রতি কারমাইকেল কলেজ থেকে মাস্টার সম্পন্ন করেছেন বলে জানা গেছে।
রংপুর সিআইডির বিশেষ পুলিশ সুপার অমিত চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, মনে হচ্ছে এটি একটি ডাকাতির ঘটনা। ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে ঘটনাটি ঘটেছে। সবকিছু ভেঙ্গে ফেলা হয়েছে।গলায় রশি কিংবা গামছা পেঁচিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে।তিনি গণমাধ্যম কে আরো জানান,
ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার সংগে জড়িত সবাইকে গ্রেফতার করে দ্রুত আইনের আইনের হাতে সোপর্দ করতে পুলিশ তৎপর রয়েছে।
ছবি: সংগৃহীত।
