ঢাকায় শুরু হচ্ছে ৫১তম ইন্টারন্যাশনাল কনভেনশন অন কোয়ালিটি কন্ট্রোল সার্কেলস (আইসিকিউসিসি-২০২৬)। আগামী বুধবার (১৮ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া এ সম্মেলনে বিশ্বের ১৬টি দেশ ও অঞ্চল থেকে প্রায় ৮০০ কোয়ালিটি কন্ট্রোল সার্কেল (কিউসিসি) দলের চার হাজার সদস্য অংশ নেবেন।
এবারের তিন দিনব্যাপী সম্মেলনের প্রতিপাদ্য ‘কিউসিসি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’। এ নিয়ে বাংলাদেশে তৃতীয়বারের মতো এটি আয়োজিত হচ্ছে। আগামী বছর তা ফিলিপাইনে অনুষ্ঠিত হবে।
রোববার (১৬ নভেম্বর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সম্মেলনের উপদেষ্টা এ এম এম খায়রুল বাশার। এসময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক এ কে এম নজরুল ইসলাম। বক্তব্য দেন সম্মেলনের কনভেনর ও বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের (বিএসটিকিউএম) সভাপতি এ কে এম শামসুল হুদা।
লিখিত বক্তব্যে খায়রুল বাশার জানান, বিএসটিকিউএম ও ইউএপি যৌথভাবে সম্মেলনের আয়োজন করছে। ১৮ নভেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
এবারের সম্মেলনে ১৬টি দেশ ও অঞ্চল থেকে প্রায় ৮০০ দল অংশ নিচ্ছে। এর মধ্যে ১৪১টি দল সরাসরি এবং ৬৫৯টি দল অনলাইনে নিজেদের কার্যক্রম উপস্থাপন করবে। বাংলাদেশ থেকে অংশ নেবে ৫০টি দল। সম্মেলনে এক হাজারের বেশি প্রতিনিধি উপস্থিত থাকবেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে জাপান, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ফিলিপাইন, তাইওয়ান, নামিবিয়া, জাম্বিয়া, মোজাম্বিক ও মরিশাস।
১৯ ও ২০ নভেম্বর ইউএপি ক্যাম্পাসে অংশগ্রহণকারী দলগুলো কর্মক্ষেত্রে সমস্যা সমাধান, উৎপাদনশীলতা বৃদ্ধি, ব্যয় হ্রাস এবং পণ্য ও সেবার গুণগত মান উন্নয়নে বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগের অভিজ্ঞতা তুলে ধরবে। এসব উপস্থাপনা মূল্যায়ন করবেন দেশি-বিদেশি প্রায় ১০০ বিচারক।
সংবাদ সম্মেলনে শামসুল হুদা বলেন, দেশের উন্নয়নে শুধু সরকারি নিয়ন্ত্রণ বা আইনি পদক্ষেপ যথেষ্ট নয়। পণ্য উৎপাদন ও সেবা দেওয়ার সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষের মধ্যে গুণগত মান সম্পর্কে সচেতনতা এবং জবাবদিহি তৈরি করতে হবে। মানসম্পন্ন পণ্য ও সেবা নিশ্চিত করার পাশাপাশি মানসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলাও জরুরি।
তিনি উল্লেখ করেন, জাপানের মতো বাংলাদেশেরও বিপুল তরুণ মানবসম্পদ রয়েছে। এই জনশক্তিকে কাজে লাগাতে পারলে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব। তবে সে জন্য কেবল বাণিজ্যিক মুনাফাকে গুরুত্ব না দিয়ে সামাজিক দায়বদ্ধতা, সততা ও মানসম্পন্ন কাজের মানসিকতা গড়ে তুলতে হবে।
বিএসটিকিউএমের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, প্রতিষ্ঠানটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতে কোয়ালিটি কন্ট্রোল সার্কেল এবং টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট চর্চার প্রসারে কাজ করছে। এর লক্ষ্য শুধু কর্মক্ষেত্রে গুণগত মান বাড়ানো নয়, বরং নীতিবান ও আদর্শ মানুষ তৈরি করা। এজন্য সরকারের কাছে আর্থিক অনুদানের পরিবর্তে সমন্বিত সহযোগিতা ও কাজের উপযুক্ত প্ল্যাটফর্ম প্রত্যাশা করেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে আইসিকিউসিসি ‘কোয়ালিটি অলিম্পিক’ নামে পরিচিত। জাপানের ইউনিয়ন অব জাপানিজ সায়েন্টিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের (জেইউএসই) সমন্বয়ে পরিচালিত এ আয়োজন কিউসিসি ও টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট কার্যক্রম প্রসারের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। সদস্য দেশগুলোর মধ্যে পর্যায়ক্রমে প্রতিবছর এ সম্মেলন হয়। বাংলাদেশ এবার তৃতীয়বারের মতো এর আয়োজক হয়েছে।
আগামী ২০ নভেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে পরবর্তী আয়োজক দেশ ফিলিপাইনের কাছে আইসিকিউসিসির পতাকা হস্তান্তর করা হবে।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃসংগৃহিত।