সোমবার, 16 নভেম্বর 2026 · 01:54
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

চোখ ভালো রাখতে প্রয়োজন ডায়াবেটিস-উচ্চ রক্তচাপের মতো রোগে সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী!

চোখ ভালো রাখতে প্রয়োজন ডায়াবেটিস-উচ্চ রক্তচাপের মতো রোগে সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী!

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ

চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় কেবল চিকিৎসা সেবার সম্প্রসারণ যথেষ্ট নয়, সমন্বিত ও বহুমুখী সচেতনতামূলক কার্যক্রম প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, চক্ষু রোগের ঝুঁকি কমাতে হলে শুধু চোখের স্বাস্থ্য নিয়ে ভাবলে চলবে না; ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগসহ সামগ্রিক স্বাস্থ্য ঝুঁকিগুলোকে সমন্বিতভাবে বিবেচনায় নিতে হবে। প্রত্যেককে নিজের স্বাস্থ্যের প্রতি নিয়মিত যত্নশীল ও সচেতন হতে হবে।
আজ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশের চক্ষু স্বাস্থ্যবিষয়ক বহু খাতভিত্তিক কর্মপরিকল্পনা যাচাই ও চূড়ান্তকরণ’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডায়াবেটিসের কারণে চোখ ও কিডনির ক্ষতি এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, চক্ষু ও কিডনি রোগ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। ফলে এসব রোগকে বিচ্ছিন্নভাবে বিবেচনা করে শুধু আলাদা আলাদা চিকিৎসা দেওয়ার মাধ্যমে মানুষের সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। প্রয়োজন সমন্বিত চিকিৎসা ও প্রতিরোধমূলক উদ্যোগ।
বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে কার্যকর গ্রুপ বা প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এসব প্ল্যাটফর্মের মাধ্যমে যৌথভাবে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। ফলে ডায়াবেটিসের কারণে কিডনি ও চোখের ক্ষতি কিংবা উচ্চ রক্তচাপ থেকে স্ট্রোকের মতো গুরুতর স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে মানুষ আগেভাগেই সচেতন হতে পারবে।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ