মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর ২০২৬ রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে টেকনাফ থানাধীন নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত মিয়ানমারের সমুদ্রসীমায় পালিয়ে যায়।
পরবর্তীতে আভিযানিক দল ঘটনাস্থলে পানিতে ভাসমান চারটি পলিথিনে মোড়ানো প্যাকেটে তল্লাশি চালিয়ে প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
