মিঠু সূত্রধর পলাশ,
নবীনগর(ব্রাহ্মনবাড়িয়া)প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা তীরবর্তী গ্রামগুলো এখন এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে।
দিনের আলোতে শান্ত থাকলেও রাত নামলেই পাল্টে যায় এখানকার দৃশ্যপট। অস্ত্রধারী ক্যাডার বাহিনীর পাহারায় ইজারা বহির্ভূতভাবে চলে কোটি কোটি টাকার বালু লুটের মহোৎসব।
একদিকে নদীভাঙনে ভিটেমাটি হারানোর শঙ্কা, অন্যদিকে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের প্রকাশ্য মহড়ায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তীরবর্তী মানুষ।
স্থানীয়দের অভিযোগ, মাসের পর মাস ধরে এমন ভয়াবহ পরিস্থিতি চললেও অদৃশ্য কারণে নীরব ভূমিকা পালন করছে স্থানীয় প্রশাসন।
খোঁজ নিয়ে জানা গেছে, নবীনগরের ধরাভাঙ্গা গ্রামের মেঘনা নদীর বালুচর এখন অবৈধ বালু ব্যবসায়ী ও অপরাধীদের নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে। পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার একটি শক্তিশালী বালুখেকো চক্র প্রতিদিন ২৫টিরও বেশি ড্রেজার দিয়ে ধরাভাঙ্গা সীমানা থেকে বালু তুলছে।
দিনে মাঝনদী থেকে বালু কাটলেও রাতে ড্রেজার নিয়ে আসা হয় বসতভিটার একদম কাছাকাছি। এভাবে প্রতিদিন ৪০ থেকে ৫০ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, বালু সিন্ডিকেটের ছত্রছায়ায় এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।রাতভর আগ্নেয়াস্ত্র নিয়ে পাহারা দেয় সিন্ডিকেটের ভাড়াটে ক্যাডার বাহিনী। ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের ফলে ইতোমধ্যে বহু ঘরবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে চরম ভাঙন ঝুঁকিতে রয়েছে নবীনগরের ধরাভাঙ্গা,চরলাপাং এবং বাঞ্ছারামপুরের মরিচাকান্দি, কানাইগর ও শান্তিনগর গ্রাম।
ধরাভাঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুল আওয়াল আতঙ্কিত কণ্ঠে বলেন, ‘রাত হলেই এলাকায় অস্ত্রধারীদের মহড়া শুরু হয়। ড্রেজারের বিকট শব্দ আর তীর ভেঙে পড়ার ভয়ে আমরা নির্ঘুম রাত কাটাই। ভিটেমাটি তো যাচ্ছেই, সঙ্গে জানমালের নিরাপত্তাও নেই। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো প্রতিকার মিলছে না।
গত এক মাসেরও বেশি সময় ধরে প্রকাশ্যে এই লুটপাট চললেও স্থানীয় প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসনকে ‘ম্যানেজ করেই চলছে এই অবৈধ কারবার।
অনুসন্ধানে জানা গেছে, নবীনগর ও রায়পুরার অংশের এই বালু ও ড্রেজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন চিহ্নিত অপরাধী ও প্রভাবশালীদের একটি চক্র। এর মধ্যে রয়েছেন নবীনগরের নূরজাহানপুরের কুখ্যাত সন্ত্রাসী মোনাক ডাকাত, তার দুই ছেলে সুমন ও রোমান, রাহাত, সায়মন, বাড়াইলের বিল্লাল, থোল্লাকান্দির মইন, সনেট, বড়িকান্দির তুষার, ধরাভাঙ্গার কালা, শরীফ, কবির, বাঞ্ছারামপুরের মরিচাকান্দির ফারুক, রিপন মেম্বার।
স্থানীয়ভাবে এই চক্রের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকীর কথিত ভাগিনা নূরজাহানপুরের মো. মাহাবুবুল আলম কাইয়ুমের নাম উঠে এসেছে।
অন্যদিকে, নরসিংদীর রায়পুরা উপজেলার চক্রটির নেতৃত্বে রয়েছেন বাঁশগাড়ির হারুন ও ওবায়দুল্লাহ, মির্জাচরের নয়ন শেখ, দুলাল, হাসান আলী, নুরুল ইসলাম (বর্তমানে কারাগারে), রেজন লাল, নিলক্ষার রুবেল এবং আলোকবালীর যুবদল নেতা কাইয়ুম মিয়া।
প্রশাসনের নীরবতা ও অভিযানের বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, ‘অবৈধ বালু উত্তোলন কোনোভাবেই সহ্য করা হবে না। নদী ও কৃষিজমি রক্ষায় দ্রুত টাস্কফোর্স গঠন করে যৌথ অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটি বন্ধে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম বলেন, ‘জনবল স্বল্পতার কারণে রাতে নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে খুব শিগগিরই নবীনগরের সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে সদস্য বাড়ানো হবে। নরসিংদী জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে দ্রুতই একটি জোরালো যৌথ অভিযান পরিচালনা করা হবে।
