সোমবার, 16 নভেম্বর 2026 · 01:02
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
মুক্ত কলাম

শেকড়ের সন্ধানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা!

শেকড়ের সন্ধানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা!

♦

কুমিল্লা থেকে মাহফুজ বাবুঃ
পাসপোর্টে জন্মভূমির নাম বাংলাদেশ। অথচ এই দেশের কোথায় জন্ম, কারা তাঁদের জন্মদাতা মা-বাবা—সেই পরিচয় জানতেই কেটে গেছে জীবনের দীর্ঘ সময়। একজনকে দেড় বছর বয়সে, অন্যজনকে আড়াই বছর বয়সে দত্তক নিয়ে যাওয়া হয়েছিল নেদারল্যান্ডসে। সেখানেই বেড়ে ওঠা, সেখানেই গড়ে উঠেছে জীবন। কিন্তু নিজের শেকড়ের সন্ধানে বারবার বাংলাদেশে ফিরে আসছেন রাজিব উদ্দিন ও সেলিনা গোমেজ।

পরিবারের সন্ধান করতে গিয়ে ২০১৭ সালে পরিচয় হয় তাঁদের। দুজনের জীবনের গল্পে খুঁজে পান অদ্ভুত মিল। এরপর থেকে একে অপরের সহযোগী হয়ে চালিয়ে যাচ্ছেন জন্মদাতা মা-বাবার সন্ধান। এবার তাঁদের এই অনুসন্ধানে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। সেলিনা গোমেজকে দেখে কক্সবাজারের চকরিয়ার আবু সৈয়দের মনে হয়েছে, ৪৫ বছর আগে হারিয়ে যাওয়া তাঁর বোন হতে পারেন এই নারী। বিষয়টি নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, নিজের পাসপোর্টে থাকা ঠিকানার সূত্র ধরে জন্মদাতা মা-বাবার খোঁজে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় ঘুরছেন রাজিব উদ্দিন।

রাজিবের পাসপোর্ট অনুযায়ী, ১৯৭৭ সালে তাঁর জন্ম। সেখানে বাবার নাম গিয়াস উদ্দিন, মায়ের নাম মরিয়ম বিবি এবং দাদার নাম রহিম উদ্দিন উল্লেখ রয়েছে। ঠিকানা হিসেবে লেখা রয়েছে, কুমিল্লা জেলার নবীগঞ্জ থানার পেয়ারাকান্দি গ্রাম। অস্থায়ী ঠিকানা হিসেবে রয়েছে ঢাকার বেবী হোমস।

১৯৮০ সালে একটি এনজিওর মাধ্যমে আনুমানিক আড়াই বছর বয়সে তাঁকে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে পাঠানো হয়। সেখানেই তাঁর বেড়ে ওঠা। বর্তমানে পেশায় সমাজকর্মী রাজিব জীবনের দীর্ঘ সময় নেদারল্যান্ডসে কাটালেও নিজের জন্মপরিচয়ের সন্ধানে ২০১৫ সাল থেকে ছয় দফায় বাংলাদেশে এসেছেন। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় খুঁজেছেন জন্মদাতা মা-বাবাকে।

রাজিব বলেন, “আমি পুরো জীবন নেদারল্যান্ডসে কাটালেও সেখানে আমি বিদেশি। আমি বাংলাদেশে এসেছি আমার মা-বাবাকে খুঁজতে। নেদারল্যান্ডসে আমার সবকিছু আছে, আমি সেখানে খুব ভালো আছি। কিন্তু আমার খুব ফাঁকা লাগে—যখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে জানতে চাই, আমি আসলে কার মতো হয়েছি—বাবার মতো, নাকি মায়ের মতো।”

তবে রাজিবের জন্মপরিচয় অনুসন্ধানে বড় জটিলতা তৈরি করেছে পাসপোর্টে উল্লেখ করা ঠিকানা। পেয়ারাকান্দি গ্রামটি একসময় বৃহত্তর কুমিল্লার অংশ থাকলেও ১৯৮৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা গঠনের পর অঞ্চলটি ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্ভুক্ত হয়। ফলে ঠিকানাটি খুঁজতে গিয়ে কখনো কুমিল্লা, আবার কখনো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিভিন্ন এলাকায় খোঁজ করতে হচ্ছে।

এর আগে একটি গ্রামে গিয়ে এক ব্যক্তিকে নিজের বাবা বলে দাবি করতে দেখেছিলেন রাজিব। কিন্তু পরবর্তী সময়ে ডিএনএ পরীক্ষায় ওই ব্যক্তির সঙ্গে তাঁর কোনো জৈবিক সম্পর্ক পাওয়া যায়নি।

সর্বশেষ নিজের পাসপোর্টে থাকা ঠিকানার সূত্র ধরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে যান রাজিব। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুনের সঙ্গে দেখা করে ঠিকানাটি শনাক্ত করতে প্রশাসনের সহযোগিতা চান।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, “আমরা রাজিব উদ্দিনের কাগজপত্র দেখেছি। ঠিকানা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের একটি গ্রাম দেখা যাচ্ছে। আমি সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, “যদি ওই ঠিকানায় রাজিব উদ্দিনের বাবার বাড়ি হয়ে থাকে, তাহলে তাঁরা সেখানে গিয়ে খোঁজ করতে পারবেন। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের সহযোগিতা করবে।”

এদিকে, রাজিবের সঙ্গে বাংলাদেশে এসেছেন তাঁর বন্ধু সেলিনা গোমেজও। নিজের জন্মদাতা মা-বাবার সন্ধানে এ নিয়ে তিন দফায় বাংলাদেশে এসেছেন তিনি। পাসপোর্টে তাঁর পরিবারের ঠিকানা কক্সবাজার উল্লেখ থাকায় সেখানে গিয়ে খোঁজাখুঁজিও করেছেন। এবার বন্ধু রাজিবের সঙ্গে কুমিল্লায় অবস্থান করছেন তিনি।

পেশায় গায়িকা সেলিনা বলেন, “আমি নেদারল্যান্ডসে বিদেশির মতোই থাকি। সেখানে আমাকে লালন-পালনকারীরা আছেন। তারপরও আমি জানতে চাই—আমার আসল বাবা-মা কে? আমি বা রাজিব, যে-ই খুঁজে পাই না কেন, এটা হবে আমাদের সার্থকতা।”

রাজিব ও সেলিনার এই অনুসন্ধানে গাইড হিসেবে সহযোগিতা করছেন নর্দান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. ওমর।

তিনি বলেন, “সেলিনা ও রাজিব তাঁদের পরিবারকে নানাভাবে খুঁজছেন। আমরা তাঁদের পাসপোর্টের ঠিকানা অনুযায়ী স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। তাঁরা তাঁদের বাবা-মাকে খুঁজে পেলে আমাদেরও খুশি লাগবে।”

দীর্ঘদিনের অপেক্ষা, অনিশ্চয়তা আর নানা বাধা পেরিয়ে রাজিব ও সেলিনা এখনো আশায় বুক বেঁধে আছেন। তাঁদের প্রত্যাশা, একদিন হয়তো খুঁজে পাবেন সেই মানুষগুলোকে, যাঁদের পরিচয় জানার আকাঙ্ক্ষা বুকে নিয়েই কেটে গেছে জীবনের এতগুলো বছর।

টপিক: মুক্ত কলাম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ