রবিবার, 15 নভেম্বর 2026 · 23:57
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
আন্তর্জাতিক বিশ্ব

ইসরায়েলে সরকার গঠনের নাটকীয়তা: নেতানিয়াহুর ঐক্যের প্রস্তাব খারিজ করলেন গাদি আইজেনকট!

ইসরায়েলে সরকার গঠনের নাটকীয়তা: নেতানিয়াহুর ঐক্যের প্রস্তাব খারিজ করলেন গাদি আইজেনকট!

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ

ইসরায়েলে একটি জাতীয় ঐক্যের সরকার গড়তে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সেই আহ্বান খারিজ করে দিয়েছেন জোট সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকট। তিনি নেতানিয়াহুর এমন আহ্বানকে ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করেছেন।

গাদি আইজেনকট ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা। নেতানিয়াহুর বিরোধী হিসেবে পরিচিত তিনি। এবারের নির্বাচনে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আইজেনকটকে নতুন জোট সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা এক বিবৃতিতে আইজেনকট বলেন, ‘এটা সর্বশেষ ধাপ্পাবাজি। সরকার গঠনের বিষয়ে আলোচনার সময় আগের নির্ধারিত হয়েছে। এখন নেতানিয়াহু আলোচনার আহ্বান জানাচ্ছেন। তিনি ঐক্যের কথা বলছেন। অথচ তিনি নেসেটে (ইসরায়েলের পার্লামেন্ট) আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানকে কলঙ্কিত করছেন।’

আইজেনকট আরও বলেন, ‘এই কৌশল আমার সঙ্গে খাটবে না।’

এর আগে নেতানিয়াহু ইসরায়েলে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত বৃহস্পতিবার আইজেনকটের সঙ্গে বৈঠক একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তা নিয়ে তাঁর বিশ্বাসকে আরও সুদৃঢ় করেছে।

নির্বাচন–পরবর্তী ইসরায়েলে তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু। লিকুদ পার্টির এই নেতা বলেন, জাতীয় ঐক্যের সরকার ‘ইরানের হুমকিকে চিরতরে নির্মূল’ করতে পারবে।

নেতানিয়াহুর দাবি, ‘তা না হলে ইরান আমাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না।’

ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে চান আইজেনকট। মতাদর্শিক বিরোধ থাকলেও এ ক্ষেত্রে তাঁকে সমর্থনের কথা জানিয়েছে এবারের নির্বাচনে চমকজাগানো ফলাফল করা আরব নেতৃত্বাধীন দলগুলো। তবে আইজেনকট এর আগে বলেছিলেন, সরকার গঠনের জন্য তিনি আরব দলগুলোর সঙ্গে জোট করবেন না।

গত ২৭ অক্টোবর নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। নেসেটে মোট আসন ১২০টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬১টি আসনে জয় পেতে হয়। নির্বাচনে আইজেনকটের চার দলের জোট ৪৮টি আসন পায়। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয় পেয়েছে।

এরপর জোট সরকার গড়তে তৎপরতা চালায় দুই পক্ষই। নিয়ম অনুযায়ী, ৮ নভেম্বর নতুন জোট সরকার গঠনের জন্য আইজেনকটকে ২৮ দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট হারজগ। প্রয়োজন হলে সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হবে। 

তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম 

ছবিঃ

সংগৃহিত।

টপিক: আন্তর্জাতিক বিশ্ব দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ