সোমবার, 16 নভেম্বর 2026 · 00:32
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
জাতীয় সংবাদ

কপ-৩১: ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ!

কপ-৩১: ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ!

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক আন্তর্জাতিক অর্থায়ন নিশ্চিত করার প্রত্যাশা নিয়ে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সমাপনী ঘোষণার দিকে তাকিয়ে আছে বাংলাদেশ।

জলবায়ু ন্যায্যতার প্রশ্নে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কূটনৈতিক সমর্থন ও সহযোগিতা আদায়েও সম্মেলনকে কাজে লাগিয়েছে ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা, চীনের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর ভূমিকার আহ্বান এবং যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সমর্থন চাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা পেয়েছে বহুমাত্রিক রূপ। আগামী ২০ নভেম্বর সম্মেলনের সমাপনী ঘোষণায় জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ইতিবাচক সিদ্ধান্ত আসবেন এমন প্রত্যাশা ঢাকার।

ঋণের বদলে অনুদানভিত্তিক অর্থায়নের দাবি

কপ-৩১-এ বাংলাদেশের অন্যতম প্রধান দাবি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের কাঠামোয় পরিবর্তন আনা। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম হলেও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দেশটিকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। অথচ আন্তর্জাতিক সহায়তার বড় অংশ ঋণনির্ভর হওয়ায় সংকট মোকাবিলায় বাড়ছে ঋণের বোঝা।

এ বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চপর্যায়ের অধিবেশনে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছেÑ আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ-ত্রাণ সুবিধা, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি এবং ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে জ্বালানি রূপান্তর নিশ্চিত করা। সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু অনুদানভিত্তিক অর্থায়ন বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলবায়ু তহবিলে প্রবেশাধিকার সহজ করার ওপর গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজও অভিযোজন ও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় অনুদান বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের জন্য তুলনামূলকভাবে কম দায়ী দেশগুলোই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। এ অবস্থায় উন্নত দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা ও কার্যকর সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতায় তুরস্ক

সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পেয়েছে। বৈঠকে প্রতিরক্ষা শিল্পে যৌথ বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা, খনিজ সম্পদ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এরদোয়ানও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বাণিজ্য, রোহিঙ্গা সংকট সমাধান ও প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানও বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকারে রয়েছে। চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বেইজিংয়ের কার্যকর ভূমিকা কামনা করেন। মিয়ানমারের ওপর চীনের কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব কাজে লাগিয়ে রাখাইনে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকেও রোহিঙ্গা প্রত্যাবাসন ও এ বিষয়ে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার বিষয়টি গুরুত্ব পায়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে আলোচনায় উঠে আসে রোহিঙ্গা সংকট, জলবায়ু সহযোগিতা, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের প্রসঙ্গ। এ ছাড়া উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী।

জলবায়ু পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন ১১৬ বিলিয়ন ডলার

সম্মেলনে বাংলাদেশের অভিযোজন ও পরিবেশ পুনরুদ্ধারে বিভিন্ন পরিকল্পনাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন, উপকূলীয় ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং পদ্মা ও তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়নের উদ্যোগ রয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণ এবং চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের হালনাগাদ জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে ২০৩৫ সাল পর্যন্ত প্রয়োজন হবে ১১৬ দশমিক ১৮ বিলিয়ন ডলার। বিপুল এ অর্থের সংস্থান শুধু অভ্যন্তরীণ সম্পদ দিয়ে সম্ভব নয়। প্রয়োজন আন্তর্জাতিক অনুদান, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা।

জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাতের মতে, আন্তর্জাতিক সম্মেলনে অর্থায়নের প্রতিশ্রুতি এলেও বাস্তবায়নে প্রায়ই ঘাটতি থাকে। তাই শুধু তহবিল ঘোষণা নয়, অর্থের যথাযথ ব্যবহার, পর্যবেক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করাও জরুরি। একইভাবে জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ ও চেঞ্জ ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা এম জাকির হোসেন খান মনে করেন, জলবায়ু সংকটে বাংলাদেশের দায় সামান্য হলেও ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণগ্রস্ত হওয়া ন্যায়সংগত নয়।

এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রধানমন্ত্রীর জলবায়ু সম্মেলন সফর অবশ্যই সফল হয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তার ভাষায়, ‘আমাদের অনুদান দরকার, ঋণ নয়। ঋণ দেশের ঋণের বোঝা আরও বাড়াবে।’ 

প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাব ও আন্তর্জাতিক সহযোগিতার উদ্যোগকে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন রিজভী। সমাপনী সম্মেলনের মধ্য দিয়ে বড় ধরনের সফলতা আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

বিশেষ করে আগামী ২০ নভেম্বর কপ-৩১-এর সমাপনী ঘোষণায় জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা, প্রযুক্তি হস্তান্তর ও জ্বালানি রূপান্তর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের জন্য কোনো সুনির্দিষ্ট অর্থায়ন বা আর্থিক প্যাকেজ নিশ্চিত হয়নি। ফলে বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের প্রকৃত মাপকাঠি হবে প্রতিশ্রুতির বাস্তবায়ন, অনুদান প্রাপ্তি, জলবায়ু তহবিলে সহজ প্রবেশাধিকার, প্রযুক্তি সহযোগিতার অগ্রগতি এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক শক্তিগুলোর কার্যকর ভূমিকা।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: জাতীয় সংবাদ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ