সোমবার, 16 নভেম্বর 2026 · 02:55
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন।

এন্ড্রিককে ব্রাজিলে বেশি খেলার সুযোগ দিতে আনচেলত্তিকে অনুরোধ মরিনিয়োর!

এন্ড্রিককে ব্রাজিলে বেশি খেলার সুযোগ দিতে আনচেলত্তিকে অনুরোধ মরিনিয়োর!

ক্রীড়া ডেস্কঃ

রিয়াল মাদ্রিদ থেকে গত মৌসুমে ধারে (লোন) ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে খেলতে গিয়ে দারুণ সময় কাটিয়েছেন এন্ড্রিক ফেলিপে। এরপর লস ব্লাঙ্কোসদের ঠিকানায় ফিরে আবারও বেশিরভাগ সময়ই তাকে বেঞ্চে বসে কাটাতে হচ্ছে। যে কারণে এই ব্রাজিল তরুণের রিয়াল ছাড়ার গুঞ্জন শোনা যায়। সেটি ঠেকিয়ে দিলেও কোচ হোসে মরিনিয়ো পর্যাপ্ত ‘গেমটাইম’ দিতে পারছেন না এন্ড্রিককে। এবার তেমনই অনুরোধ নিয়ে তিনি কার্লো আনচেলত্তির দুয়ারে হাজির!

নভেম্বর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই উপলক্ষ্যে জাতীয় দলের অনুশীলনে ফেরা এন্ড্রিককে বেশ নির্ভার মনে হয়েছে। তবে আনচেলত্তির অধীনেও তিনি কতটা সময় মাঠে থাকতে পারবেন আছে সেই অনিশ্চয়তা। রিয়াল কোচ চান অন্তত জাতীয় দলের হয়ে তার শিষ্য বাড়তি সময় পান। চলতি মৌসুমে মরিনিয়োর অধীনে এন্ড্রিক খেলেছেন স্রেফ ১৪১ মিনিট। এই সময়ে রিয়াল খেলেছে প্রায় ১৫০০ মিনিট (মোট ১৬ ম্যাচ)।

গত শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার মাঠে ৩-০ গোলের জয়ের ম্যাচে ৮৪ মিনিটে এন্ড্রিককে বদলি হিসেবে নামান মরিনিয়ো। ম্যাচ শেষে আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল জাতীয় দলে বেশ কয়েকজন রিয়াল তারকার খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘কার্লোর (আনচেলত্তি) সঙ্গে ব্রাজিল দলে কারা যাচ্ছে, তা দেখুন। ভিনিসিয়ুস জুনিয়রকে তো খেলতেই হবে। এন্ড্রিকও আছে। কার্লো যদি তাকে খেলান, তাহলে আমি কৃতজ্ঞ থাকব।’

আগামী ১৪ নভেম্বর জাপান এবং ১৭ নভেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচ দুটি খেলতে ইতোমধ্যে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন ভিনিসিয়ুস ও এন্ড্রিক। সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে তিন ম্যাচে ১৩৯ মিনিট খেলেছিলেন এন্ড্রিক। তবে রিয়াল মাদ্রিদেও নিয়মিত খেলার সুযোগ চান তিনি। সেই চাওয়ার কথা জানিয়ে এন্ড্রিক গত সোমবার বলেন, ‘আমি শুধু খেলতে চাই। সুখী থাকতে চাই, সতীর্থদের সাহায্য করতে চাই। গোল করতে চাই, অ্যাসিস্ট করতে চাই। যেমনটা লিওঁতে করেছি। সেটি ছিল আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা এবং সবচেয়ে আনন্দের সময়গুলোর একটি।’

এন্ড্রিকের ভবিষ্যৎ সান্তিয়াগো বার্নাব্যুতেই বলে বারবার জানিয়ে আসছেন মরিনিয়ো। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা অনিশ্চয়তার কথাই বলেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, ‘জানুয়ারিতে (শীতকালীন ট্রান্সফার উইন্ডো) কী হবে, তা আমি জানি না। সবকিছু সৃষ্টিকর্তার হাতে। আমার বয়স মাত্র ২০। দেখা যাক কী হয়। আমি শুধু চাই, আমার ক্যারিয়ারের জন্য যেটা সবচেয়ে ভালো, সেটাই যেন করতে পারি।’
‘যা হওয়ার হবে। আমি মাটিতে পা রেখে নিজের সেরাটা দিয়ে যাব। মাদ্রিদ দারুণ একটি শহর। তবে ক্যারিয়ারকে এগিয়ে নিতে আমি সব সময় সর্বোচ্চ চেষ্টা করব’, রিয়াল মাদ্রিদ নিজের পছন্দের ঠিকানা হলেও ভবিষ্যতে যেকোনো জায়গায় যাওয়ার ইঙ্গিত এন্ড্রিকের।
একইসঙ্গে রিয়াল কোচেরও প্রশংসা করে আস্থা রাখার কথা জানিয়েছেন এন্ড্রিক, ‘মরিনিয়ো এমন একজন, যাকে আমি সত্যিই বিশ্বাস করি। তিনি প্রতিদিন আমার খোঁজখবর জানতে চান। তবে কখনও ফুটবল নিয়ে নয়, সব সময় আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন। বিষয়টি আমার খুব ভালো লাগে। আমার কাছে এসে কথা বলা, স্বাগত জানানো এবং আমাকে আপন করে নেওয়ার অনুভূতি দেওয়ার ক্ষেত্রে তিনি প্রথম দিকের কোচদের একজন। এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ। রিয়াল মাদ্রিদের জন্য আমি সব সময় নিজের সর্বোচ্চটা দেব। সবকিছুর আগে ক্লাব। তবে মরিনিয়োর আন্তরিকতা আমাকে আরও বেশি উজাড় করে দিতে অনুপ্রাণিত করে।’

তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ