চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা; সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নিন্দা!
14 Sep 2026 • গণমাধ্যম

ডেস্ক রিপোর্ট | দৈনিক জনতার দেশ :
চকরিয়া, সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রী:
চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
অপর দিকে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আবুল মনসুর মোঃ মহসিন
ও সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইন উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরেকটি বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া উপজেলা শাখার প্রচার সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবরের চকরিয়া-পেকুয়া প্রতিনিধি তৌহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ও দৈনিক স্বাধীন মতের জেলা প্রতিনিধি এবং দৈনিক দেশবিদেশ পত্রিকার মাতামুহুরী প্রতিনিধি তানবীরুল ইসলাম এবং সহ-প্রচার সম্পাদক ও দৈনিক আলোকিত সকালের কক্সবাজার ব্যুরো ও দৈনিক গণসংযোগ পত্রিকার স্টাফ রিপোর্টার ইয়ার রহমান আনানের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর ‘জমি দখল ও হত্যার অভিযোগে মামলা, আদালতে মুচলেকা দিয়ে জামিন বিএনপি নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে জনৈক শাহেদুল মোস্তাফা এ মামলা করেন।
*বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে একজন সাংবাদিকের স্বাধীনতা*
আদালতে দেওয়া মুচলেকার কপি ও বিজ্ঞ আইনজীবীর বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অংশ। সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টি ছাড়া আর কিছুই নয়।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সাংবাদিক নেতারা বলেন,একজন কলম সৈনিকের মত প্রকাশ ও ব্যক্তি স্বাধীনতা কে হরণ করে একটি জুলুমবাজ অপরাধীচক্র এই মিথ্যা সাজানো নাটকের দৃশ্যপট তৈরি করেছে। তারা অবিলম্বে এই মিথ্যা সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
